আপডেট: July 30, 2026
বরগুনা প্রতিনিধি:: বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চুরির মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় চোর চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মোসা. খাদিজা (৪০) ও মোসা. মরিয়ম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাতে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার এবং চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ১১ হাজার টাকা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় দণ্ডবিধির ৩৭৯, ৪১৩ ও ৪১৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

