আপডেট: January 16, 2022
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের খুলনার সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না আজ রবিবার বিকালে নগরীর সদর রোডের এনেক্স ভবন চত্বরে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
এ সময় সিটি করপোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ এবং বিএমপি’র উপ-কমিশনার আলী আশরাফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আইসিইউ সমৃদ্ধ এই অ্যাম্বুলেন্সে ছোটখাটো অপারেশনও করা যাবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। নগরীর বাসিন্দারা সিটি করপোরেশনের নির্ধারিত নম্বরে ফোন দিলেই এই অ্যাম্বুলেন্স সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে অনুষ্ঠানে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।

