আপডেট: May 19, 2026
বরিশাল প্রতিনিধি:: বরিশাল নদীবন্দর, ড্রেজার বেইজসহ বিআইডব্লিউটিএর বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আকস্মিক এ পরিদর্শনে নামেন।এসময় তিনি বিআইডব্লিউটিএর হিম নীড়, ড্রেজার বেইজ ও নদীবন্দরের কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
মন্ত্রীর পরিদর্শনকালে দপ্তরগুলোর বেশিরভাগ কক্ষে চেয়ার ফাঁকা দেখা যায়।
সে সব চেয়ারের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান সম্পর্কে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রতিমন্ত্রী জানতে চাইলে, তারা প্রশিক্ষণে যাওয়া, পরিদর্শনে যাওয়াসহ বিভিন্ন ধরনের ‘কারণ’ দেখান। পরে প্রতিমন্ত্রী হাজিরা খাতা দেখেন।সংশ্লিষ্টরা জানান, পুরো ঘটনা প্রতিমন্ত্রী ও তার সফরসঙ্গীরা নোট করে নেন।
এদিকে পরিদর্শন সম্পর্কে নৌ-প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে জিজ্ঞাসা করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আপনারা যা দেখেছেন, আমিও তাই দেখেছি।এ বিষয়ে পরবর্তীতে কথা হবে।তবে যাদের যথাসময়ে কার্যালয়ের নিজ কক্ষে পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো কিছু বলেননি প্রতিমন্ত্রী।সোমবার (১৮ মে) রাতে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বরিশাল নগরে অবস্থান করেন। মঙ্গলবার সকালে নিজ সংসদীয় এলাকায় যাওয়ার পূর্বে বরিশাল নদীবন্দর, ড্রেজার বেইজসহ বিআইডব্লিউটিএর বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।পরিদর্শন শেষে কীর্তনখোলা নদীর ডিজি ঘাট থেকে স্পিডবোটযোগে সফরসঙ্গীদের নিয়ে নিজ সংসদীয় এলাকার (হিজলা-মেহেন্দিগঞ্জ) উদ্দেশ্যে যাত্রা করেন।

