বরিশালে মে দিবস পালিত

আপডেট: May 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক::মহান মে দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি রোববার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সহ-সভাপতি ও বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন(রেজি নং ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সদস্য শহীদ হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সহ-সভাপতি গোলাম রসুল, ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ১৩ নং ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, বরিশাল সদর স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৬) এর সভাপতি আবু তাহের, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, বরিশাল সিএনজি এলপিজি চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহান, বরিশাল সাইকেল হকার্স ফ্রন্ট এর সভাপতি মো. খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংগঠক বিজন শিকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে ১৩৬ বছর আগে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন আগস্ট, স্পাইজ, এঞ্জেলস, ফিসার। মালিক এবং সরকার ভেবেছিল, নির্যাতন করে, ফাঁসী দিয়ে শ্রমিক নেতাদেরকে হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে। কিন্তু ন্যায্য দাবিতে গড়ে উঠা এই আন্দোলনকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই। বরং এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে।

মে দিবসের ১৩৬ বছর পরেও ৮ ঘণ্টা কাজের দাবি বাস্তবায়িত হয়নি। বরিশালের সমস্ত কারখানায় ১০-১২ ঘণ্টা কর্মঘণ্টা চালু আছে, অথচ কোনো ওভারটাইম চালু নেই। সোনারগাঁও টেক্সটাইল এ ২০১৮ সালের গেজেট অনুযায়ী বেতনস্কেল চালু হচ্ছে না। স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ বেশিরভাগ প্রতিষ্ঠানে নিয়োগপত্র পরিচয়পত্র দেয়া হচ্ছে না।

ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত করে বি আর টি এ থেকে লাইসেন্স দেয়া হচ্ছে না, উপরন্তু মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এভাবে শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছে, হচ্ছে অধিকারবঞ্চিত। বক্তারা মে দিবসের চেতনায় শোষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।

সমাবেশে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network