আপডেট: October 12, 2026
আপডেট নিউজ:: বরিশালে ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম শহীদ ও বরিশালের কৃতী সন্তান ফয়সাল আহমেদ শান্তর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চার প্রসার ঘটানোর লক্ষ্যে ‘শহীদ ফয়সাল আহমেদ শান্ত স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) এ পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পাঠাগারটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদ ফয়সাল আহমেদ শান্তর স্মৃতিকে ধারণ করার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের বই পড়া, জ্ঞান অর্জন, নৈতিকতা চর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, শহীদ ফয়সাল আহমেদ শান্তর আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে জ্ঞানচর্চা, বই পড়া এবং শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, পাঠাগার মানুষের চিন্তাশক্তির বিকাশ ঘটায়, মননশীলতা তৈরি করে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। তাই শহীদের স্মৃতিকে ধারণ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠাগারটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করতে সমাজের সচেতন মানুষ, শিক্ষানুরাগী ও সংগঠনের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। পাঠাগারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
চরকাউয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাদিম আলমাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মহাব্বাতুল্লাহ মাহেত, বরিশাল সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম ও সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু এবং চরকাউয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুল আলীম।

