আপডেট: September 28, 2026
বরিশাল প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা ছবি ও ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সহযোগি সংগঠনের ব্যানারে একটি ঘরের রুমের মধ্যে বসে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহামুদ শাওন, উপজেলা যুবলীগ নেতা মো. শাওন বালী, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, বামরাইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হাওলাদার, যুবলীগ নেতা ওসমান তালুকদার, জল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমল রায়, সহ-সভাপতি নয়ন হাওলাদার, শোলক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুন হাওলাদার উপস্থিত রয়েছেন।
তবে এ ব্যাপারে জানতে উল্লেখিত একাধিক ব্যক্তির সাথে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও প্রতিটি নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উজিপুরের কোথাও প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালন করা হয়নি। কেউ ঘরের মধ্যে বসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন কিনা সে ব্যাপারে থানা পুলিশের কাছে তথ্য নেই। তবে ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

