বরিশালের ইউএনও-ওসির নামে দুই মামলার আবেদন

আপডেট: August 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের বিরু‌দ্ধে আদালতে দুটি মামলার নালিশি আবেদন করা হয়েছে। সেখা‌নে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইউএনওর বাসভবনে দায়িত্বরত আনসার সদস্যসহ ৩০ থেকে ৪০ জনকে বিবা‌দী করা হ‌য়ে‌ছে।

মামলার নালি‌শি আবেদন দুটিতে ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে সিটি করপোরেশনের কাজে বাধাদান, বিনা উসকানিতে বিসিসির কর্মচারীদের ওপর গুলিবর্ষণের নির্দেশ দেয়া, হামলা, গুলিবর্ষণের মাধ্যমে একাধিক ব্যক্তির অঙ্গহানির অভিযোগ করা হয়েছে।

জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে রবিবার (২২ আগস্ট) এ আবেদন করেন বরিশালের প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন ও সিটি করপোরেসনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস জানান, আবেদনের শুনানি শেষে বিচারক মাসুম বিল্লাহ পরে আদেশ দিবেন।

প্যানেল মেয়র রফিকুল ইসলামের করা না‌লি‌শি মামলার আবেদনে ইউএনও মুনিবুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম, এসআই শাহজালাল মল্লিক ও ইউএনওর বাসভবনে দায়িত্বরত আনসার সদস্যদের বিবাদী করা হয়েছে।

সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদারের করা মামলার আবেদনে ইউএনও মুনিবুর রহমান ও তার বাসভবনে দায়িত্বরত আনসার সদস্যদের বিবাদী করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে বুধবার রাতে শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলা হয়। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর আনসার সদস্যদের গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গেও। এতে মেয়রসহ ৩০ জন আহত হন, যদিও আওয়ামী লীগের দাবি, আহতের সংখ্যা ৭০।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও ইউএনও মুনিবুর রহমানের করা দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। মামলার মোট আসামি ৬০২ জন, তাদের মধ্যে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network