বাকির টাকা চাওয়ায় দোকানিকে হত্যাচেষ্টা, কারাগারে কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি

আপডেট: March 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল  প্রতিনিধি:: বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ মুদী দোকানিকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় বরিশালের এক কনটেন্ট ক্রিয়েটরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আসামি হিসেবে হাজির হয়ে জামিন আবেদন করেন পাভেল মুন্সী (৩০)। তবে অতিরিক্ত মুখ্য হাকিম এসএম শরিয়তুল্লাহ তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পাভেল মুন্সী বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের রফিক মুন্সীর ছেলে এবং স্থানীয়ভাবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।আদালতের কোতয়ালি মডেল থানার জিআরও এসআই শম্ভু কাঞ্চি লাল মামলার বরাতে জানান, চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজারের মুদী দোকানি জাফর হাওলাদারের কাছ থেকে বাকিতে পণ্য নেন পাভেল মুন্সী। পরে ওই পাওনা টাকা চাইলে ২০২৫ সালের ৩১ অক্টোবর দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।

এ সময় পাভেল মুন্সী হত্যার উদ্দেশ্যে বৃদ্ধ জাফর হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার সময় দোকানির ছেলেকে মারধর এবং কন্যাকে শ্লীলতাহানির পাশাপাশি প্রায় আড়াই লাখ টাকা লুট করা হয় বলেও অভিযোগ রয়েছে।ঘটনার পর আহত জাফর হাওলাদার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি হিসেবে পাভেল মুন্সী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network