আপডেট: August 2, 2023
অনলাইন ডেস্ক:: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাবা ছেরাগ আলীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে ইমরান হোসেন আকবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন আকবর শাহরাস্তি উপজেলার সেতিনারায়নপুর গ্রামের ছেরাগ আলীর ছেলে।মামলার বিবরণ থেকে জানা গেছে, ইমরান উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতেন। ইমরান তার স্ত্রী ও সন্তানকে প্রায়ই মারধর করতেন। এজন্য ২০১৭ সালে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর ২০২০ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় ইমরানের। একপর্যায়ে ইমরান ধারালো দা দিয়ে তার বাবা ছেরাগ আলীকে মাথা, চোখ ও কানে কুপিয়ে মারাত্মক আহত করেন। এতে ঘটনাস্থলেই ছেরাগ আলী নিহত হন।
এ সময় তার মা ফুলমতি বেগম স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও মেরে আহত করেন ইমরান। পরিবারের লোকজন ফুলমতি বেগম উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর ইমরান হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় ঐ দিনই শাহরাস্তি থানায় ইমরানকে হত্যা মামলার আসামি করে তার ছোট ভাই মো. সোলেমান মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর একই বছরের ২১ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার তৎকালীন এসআই মো. আনিছুর রহমান আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। এরপর ঐ বছর ২ নভেম্বর তদন্ত শেষে তিনি আদালতে চার্জশিট দাখিল করেন।সরকার পক্ষের আইনজীবী (পিপি) রনজিত রায় চৌধুরী জানান, এ মামলায় আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।

