আপডেট: April 30, 2022
অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় ব্যাটারিচালিত রিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী থানাধীন ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় খণ্ডলের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্যাটারিচালিত রিকশাচালক আবদুল কাদের ও যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ। তাদের লাশ পড়ে ছিল বাসের নিচে। পরে লাশ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, মনিরাপুকুর পাড় এলাকায় ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয় একটি দ্রুতগতির বাস। এ সময় রিকশাচালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, মনিরাপুকুর পাড়ের কিছু দূরে খণ্ডলের ঘাটা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় রিকশাচালক ও যাত্রী বাসটির নিচে চাপা পড়েন। পরে বাসটির নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

