বিদ্যালয়ের মাঠ দখল করে কলা গাছ রোপণ, থানায় অভিযোগ

আপডেট: April 9, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে একটি বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে শতাধিক কলাগাছ রোপণ করেছে প্রতিপক্ষের লোকজন। ফলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধের উপক্রম হয়ে পড়েছে। এ ঘটনায় চরম বিপাকে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে বিদ্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার ভাটোবালী আবদুর রহমান মোল্লা বিদ্যাপীঠ প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী ও স্থানীয়দের খেলাধুলা করার জন্য উপযুক্ত পরিবেশ ছিল। এ মাঠে শরীর চর্চার অংশ হিসেবে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে একই এলাকার আয়নাল আকন, দেলোয়ার আকন, দাদন আকন, লালমিয়া আকন গত শুক্রবার বিদ্যালয়ের ওই খেলার মাঠ দখল করে জোরপূর্বক অর্ধশতাধিক কলা গাছের চারা রোপণ করে। এ সময় বাঁধা দিলে বিদ্যালয় কর্তৃপক্ষকে হুমকি দেয় তারা। এ ঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিদ্যালয়ের দাতাসদস্য ইকবাল হোসেন বলেন, অনেক বছর আগে স্কুলের নামে আমরা জমি দিয়েছি। স্কুলের দেখভাল করতেছি। খেলাধুলার পাশাপাশি সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকার পরিবর্তনের পর আমরা জানতে পারি স্কুল মাঠের কিছু জমি গোপনে দখল করে নিয়েছে আয়নাল আকনরা।

স্থানীয়রা জানান, এতো বছর কোন সমস্যার কথা শুনিনি, কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর আয়নাল আকনরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা জোরপূর্বক বিদ্যালয়ের মাঠে কলা গাছ রোপণ করেছে।বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের মাঠ দখল করে কলা গাছ রোপণের কারণে আমাদের মাঠে খেলাধুলার পরিবেশ বিনষ্ট হয়ে পড়েছে। আমরা এই মাঠকে দখলমুক্ত দেখতে চাই।

অভিযুক্ত আয়নাল আকনের ভাই আহছান আকন বলেন, আমাদের জমিতে আমরা কলাগাছ রোপণ করেছি। জমির দলিল আমাদের নামে।এ বিষয়ে প্রধান শিক্ষক কাজল কৃষ্ণ মন্ডল জানান, এসব বিষয়ে কথা বললে আমাদের উপর নানান হুমকি আসে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষকে ওই জমির সব কাগজপত্র নিয়ে আসতে বলেছি। কাগজপত্র দেখে আইনগত ব্যবস্তা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network