ভারতে প্রশিক্ষণে গিয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

আপডেট: June 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: প্রশিক্ষণে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন (৪২)। এতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতের উত্তরাখণ্ডে মিড ক্যারিয়ার প্রশিক্ষণে থাকা অবস্থায় শনিবার (১১ জুন) রাতে তার মৃত্যু হয়। জেলা প্রশাসক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভারতীয় সময় রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভগ্নিপতি বরগুনার আমতলীর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন।

আল-আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ তম ব্যাচের ক্যাডার ছিলেন। বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসেম মাস্টারের ছেলে তিনি।

প্রসঙ্গত, তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ৬ জুন ভারতে প্রশিক্ষণে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তার বাবা-মা, স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তান নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন। তার মৃত্যুর খবরে বাউফলে শোকের ছায়া নেমেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network