১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভাড়া বাসা থেকে জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: জুন ১৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯শে জুন) সকাল ১০টার দিকে জীবননগর পৌরশহরের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকেপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে।

জানা গেছে, স্ত্রী ও এক সন্তানকে নিয়ে জীবননগর পৌরশহরের আশতলাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন জীবননগর উপজেলার আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) মাহমুদুর রহমান। সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাসার বাইরে চলে যান। পরে মাহমুদুর রহমান নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জীবননগর উপজেলার বিভিন্ন দপ্তরের একাধিক অফিসারের সাথে কথা বলে জানা যায়, মাহমুদুর রহমান উপজেলার সবচেয়ে ভালো এবং হাস্যোজ্জ্বল অফিসার ছিলেন। তবে পারিবারিক বিষয় নিয়ে মাহমুদুর রহমানের সঙ্গে প্রায়ই তার স্ত্রী নাসরিন আক্তার ইতি ও তার বড় ভাই জাহাঙ্গীর ঝামেলা করত। সম্প্রতি মাহমুদুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন নাসরিন আক্তারের পরিবার। তবে মীমাংসা হওয়ায় আবার একসঙ্গে থাকতে শুরু করেন তারা।

নিহতের স্ত্রী নাসরিন আক্তার ইতি জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া হলেও তা পরে মিটে যেত। ঘটনার আগের রাতে তাদের মধ্যে কোনো বিরোধ হয়নি। সকালে মাহমুদুর রহমান ঘুম থেকে উঠে ছেলের জন্য জুস কিনতে বাইরে যান। পরে বাসায় ফিরে একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় তিনি ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহতের পিতা আতাউর রহমান জানান, তার ছেলে ও পুত্রবধূর মধ্যে প্রায়ই ঝগড়া ও মনোমালিন্য হত। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মাহমুদুর রহমান তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং খোঁজখবর নেন। এরপর হঠাৎ করেই ফোন কেটে দেন। কিছুক্ষণ পর তারা মৃত্যুর খবর জানতে পারেন।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, মাহমুদুর রহমান উপজেলা পরিষদের একজন শান্ত, ভদ্র ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুপুর ১টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network