আপডেট: মার্চ ২০, ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈরে যাত্রীবহনকারী পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজৈরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে রাজধানী ঢাকা থেকে যাত্রীবহন করে একটি পিকআপভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি মাদারীপুর জেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক বরিশাল থেকে ছেড়ে আসা গাছ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুই শিশুসহ আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মামুন আল রশিদ জানান, দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

