আপডেট: January 9, 2022
আপডেট নিউজ ডেস্ক:: রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি সুরভী-৯ লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার পাইপে বাড়তি ধোঁয়া বেরোচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
এমন পরিস্থিতিতে জরুরিভাবে এটি নোঙর করা হয় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটে। এ সময় যাত্রীদের নিরাপত্তায় সেখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা অবস্থান নেন।
রাত দেড়টায় চাঁদপুরে বিআইডাব্লিউটিএ’র পরিদর্শক সুমন জানান, লঞ্চটিতে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ইঞ্জিনের সাইলেন্সার পাইপে বাড়তি ধোঁয়া বেরোচ্ছে। এমন দৃশ্য দেখে যাত্রীরা আতঙ্কিত হলে মোহনপুর ঘাটে ভিড়ানো হয়। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, লঞ্চে আগুন লাগার এমন কোনো ঘটনা ঘটেনি।মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান জানান, বিকল্প লঞ্চ ঢাকা থেকে ছেড়ে আসার পর আটকেপড়া যাত্রীদের বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হবে।
একই তথ্য জানান, বিআইডাব্লিউটিএ চাঁদপুরের বন্দর কর্মকর্তা এ কে এম কায়সারুল ইসলাম। তিনি জানান, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি ভেবে অন্য বিকল্প লঞ্চে বরিশালে পাঠানো হবে।প্রসঙ্গত, এর আগে গত ২৩ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান নামে একটি লঞ্চে আগুন লাগার ঘটনায় অর্ধশত যাত্রী প্রাণ হারান।

