আপডেট: July 11, 2022
ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহনে দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দেলোয়ার হোসেন নসু নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের উত্তর ভেদুরিয়ার কূলচরা স্কুলের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন নসু লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যমত সদস্য এবং ধলীগৌর নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ঐ এলাকার আব্দুল মালেকের ছেলে।
তার বিরুদ্ধে ৩টি চাঁদাবাজি মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।
তিনি বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নসু পিস্তলের ভয় দেখিয়ে চাঁদাবাজি করার কথা স্বীকার করেছেন। এছাড়া তিনি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ পিস্তল নিজের সঙ্গে বহন করতেন বলে জানিয়েছেন।ওসি মুরাদ আরো বলেন, নসুর বিরুদ্ধে লালমোহন থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

