আপডেট: June 30, 2023
অনলাইন ডেস্ক:: রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়িয়ে থাকা ময়ূরপঙ্খী-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় শুক্রবার (৩০ জুন) দুপুর বারোটা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, সকাল ১১টায় নিয়ন্ত্রণ কক্ষে সদরঘাটে দাঁড়িয়ে থাকা একটি লঞ্চে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।
পরে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বারোটা দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।তিনি আরও বলেন, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

