২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

সুন্দরবনে দুই দস্যু বাহিনীর জিম্মি দশা থেকে ২১ জেলে উদ্ধার

আপডেট: মে ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: সুন্দরবনের দস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সুন্দরবন পূর্ব বন সংলগ্ন আন্দারমানিকের টোটা, কেওড়াতলা খাল ও শিবসা নদীর বড় দুদ্মুখ খাল সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই জেলেদের উদ্ধার করা হয়।অভিযানের সময় একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় বাগেরহাটে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ।তিনি বলেন, দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে ১০ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। অন্যদিকে শিবসা এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনী ১১ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় দয়াল বাহিনীর হাতে জিম্মি থাকা ১০ জেলেকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।একইদিন বিকেলে বড় দুদ্মুখ খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা কোস্টগার্ডকে উদ্দেশ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে ডাকাতরা বনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ ও ডাকাতদের কাছে জিম্মি থাকা ১১ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা তাদের পরিবারের কাছে এবং অস্ত্র গোলাবারুদ মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।উদ্ধার জেলেদের বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network