অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

আপডেট: December 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:: অজু করতে গিয়ে বরিশালের বাবুগঞ্জে মো. সুলতান হাওলাদার নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আসরের নামাজের অজু করতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গেছেন ওই বৃদ্ধ। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব পাংশা গ্রামে এ ঘটনা ঘটে।

সুলতান হাওলাদার ওই গ্রামের মৃত আর্শেদ হাওলাদারের ছেলে। নিহতের ছেলে রেজাউল করিম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার আসরের নামাজের অজু করার জন্য বাবা (সুলতান হাওলাদার) বাড়ির পুকুরে যান। এরপর বেশ কিছুক্ষণ পার হলেও তিনি ঘরে না আসায় পরিবারের সবাই মিলে বাবাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে বাবার জুতা আর মগ ভাসতে দেখতে পাই। তখন আমরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় বাবার মৃতদেহ উদ্ধার করে।

৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম জেমাদ্দার বলেন, তিনি আসরের নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গিয়ে পড়ে যান। সুলতান হাওলাদার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বাবুগঞ্জ স্টেশনের টিম লিটার আব্দুল মালেক জানান, খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও বরিশাল ডুবুরি দল গিয়ে ৭টার দিকে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ তার বড় ছেলের কাছে হন্তাস্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network