আপডেট: April 29, 2022
বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীর নতুন বাজার বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুরে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ৩টি অগ্নি নির্বাপক দল ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে নতুনবাজার বটতলা এলাকার আলামিন স্টোর নামে একটি মুদি মনোহরী দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্টিকের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
পরে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে আলী আকব্বরের বিসমিল্লাহ ভ্যারাইটিস স্টোর্স, ধানখালী টেলিকম, হোটেল রয়েল ও তোফাজ্জেলের খাবার হোটেল ভস্মীভূত হয়। বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে আলামিনের মুদি ও মনোহদী দোকান। অগ্নিকাণ্ডে তার নগদ ২ লাখ টাকাসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান দোকানের মালিক মো. হাজী কবির। তিনি বলেন, আগুনে সব শ্যাষ কইর্যা দিছে।
পাশেই বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর্স। এই দোকানের নগদ লক্ষাধিক টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মালিক মো. আলী আকব্বর জানান, আগুনে মোর সব শ্যাষ অইয়া গ্যাছে। নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুইর্যা গ্যাছে।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. গোলাম মস্তফা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমতলী, কলাপাড়া ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের ৩টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন।
আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পৌরসভার পক্ষ থেকে এবং সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

