আপডেট: December 21, 2023
বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন যাত্রী। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের উরশিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আমতলী থানার ওসি কাজী শাখয়াত হোসেন তপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বাসের হেলপারের নাম আফজাল (৩৫)। আহতরা হলেন- তহমিনা (৫০), লাইজু (৫০), মাকসুদা (৩৮), হিরা মনি (২৬), জুবায়ের (৬), সোহাগ (৩০) ও ফারজিন কবির শিফা (১৬)। অন্যদের নামপরিচয় জানা যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আমতলী চৌরাস্তা থেকে বিসমিল্লাহ নামে একটি বাস যাত্রীবোঝাই করে বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি উরশিতলা বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। বাসের হেলপার আফজাল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হন।
আমতলী থানার ওসি কাজী শাখয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

