আপডেট: August 20, 2021
আপটেড নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী চিরশায়িত হয়েছেন হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসায়, সংগঠনের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর পাশে। জানাজা শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে তাকে মাদরাসার পাশে সমাহিত করা হয়।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ওই মাদরাসার দীর্ঘদিনের মহাপরিচালক শফীর মৃত্যুর পর নানা ঘটনাপ্রবাহের মধ্যে সংগঠনের নেতৃত্বে আসেন জুনাইদ বাবুনগরী। জানা গেছে, বাবুনগরীর মৃত্যুর সংবাদের পর তার নিজ বাড়ি ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বাবুনগর এলাকায় একটি কবর খোঁড়া হয়। আবার হাটহাজারী মাদরাসায়ও একটি কবর খোঁড়া হয়। তবে জল্পনা-কল্পনা শেষে মাদরাসার পাশেই বাবুনগরীকে দাফন করা হয়। এর কিছুক্ষণ আগে সদ্যঘোষিত হেফাজতের আমির ও মামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন হয়। এতে আশেপাশের ও দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ অংশ নেন।
হেফাজতের নেতৃত্বে আসার ১১ মাসের মাথায় বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শহরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে বাবুনগরীর মৃত্যু হয়। রাত ১১টার দিকে হেফাজতের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে জুনাইদ বাবুনগরীর জানাজা হয়। তারপর সেখানে আহমদ শফীর পাশে তাকে দাফন করা হয় বলে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস নদভী জানান।

