ইমামতি কোনো পেশা নয়, মহান দায়িত্ব: মাসুদ সাঈদী

আপডেট: November 9, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: সারাদেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন কাঠামো ও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও ইন্দুরকানি উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।কাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আয়োজিত উপজেলা ইমাম সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে ইমামতি কোনো পেশা নয় বরং এটা হচ্ছে একটি মহান দায়িত্ব। ইমামের কাজের প্রতি গুরুত্বারোপ করে রাসুল (স.) ইমাম ও মুয়াজ্জিনের জন্য এই বলে দোয়া করেছেন, ‘ইমাম হচ্ছেন জিম্মাদার আর মুয়াজ্জিন হচ্ছেন আমানতদার।’মাসুদ সাঈদী বলেন, ‘আমরা যদি প্রতিটি মসজিদকে নবীজির দেখানো সেই মসজিদে নববীর রোল মডেল রূপে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সমাজ শিক্ষার আলোয় আলোকিত হবে, সমাজ থেকে নিরক্ষরতা দূর হবে, সমাজে ব্যাপকভাবে জনকল্যাণমূলক কাজ পরিচালনা করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, মসজিদের ইমাম যেমন জাতির আমলগত সংস্কারের জিম্মাদার, তেমনি আকিদাগত সংস্কার ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও পুরাপুরি দায়িত্বশীল। বাতিল আকিদা ও মতবাদকে খণ্ডন করা এবং ভ্রান্ত চিন্তাধারার মূলোৎপাটন করা তাদের প্রধান দায়িত্ব। যদি আল্লাহর একত্ববাদ পরিপন্থি কোনো আওয়াজ রাষ্ট্রে উঠে অথবা রাসুলের (স.) রিসালাতের অবমাননা করা হয় তাহলে বাতিল শক্তির এই সব ষড়যন্ত্র সম্পর্কে জাতিকে সতর্ক করা ও প্রতিবাদ প্রতিরোধ করা ইমামদের কর্তব্যও।

জাতীয় ইমাম সমিতি নাজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফেজ হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে ও মাওলানা আবুদাউদের সঞ্চালনায় উপজেলা ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. জহিরুল হক, জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি মুফতি মাওঃ আব্দুল হালিম, জাতীয় ইমাম সমিতি নাজিরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রাজ্জাক, জাতীয় ইমাম সমিতি নাজিরপুর উপজেলা শাখার উপদেষ্টা কাজী মো. মোসলেহ উদ্দীন প্রমুখ।সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network