আপডেট: July 13, 2021
অনলাইন ডেস্ক:: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত সচল করতে চলমান বিধিনিষেধ শিথিল করেছে সরকার। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সময় গণপরিবহন চলাচল, দোকান-শপিংমল খুলে দেওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর এই সময়ের মধ্যে বন্ধ থাকবে সব ধরনের শিল্প-কারখানা।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করা হলো। তবে, এ সময়ে সর্বাবস্থায় জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

