আপডেট: March 14, 2021
বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর কাশিপুর এলাকায় বাসচাপায় থ্রিহুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন।
শনিবার রাত সোয়া ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো- পিরোজপুরের মঠবাড়িয়ার মো. জাফরের ছেলে মো. হামজা (১১) ও একই এলাকার আকতারুজ্জামান হাফিজের ছেলে আল নোমান (১৩)।তারা বরিশাল নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
আহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার আকতারুজ্জামান হাফিজ, তার বড় ছেলে মাদরাসাছাত্র আইমান (১৬), একই এলাকার আশরাফ আলীর ছেলে মাদরাসাছাত্র বাইজিদ (১২), বরিশাল নগরীর রূপাতলী এলাকার মো. রিপনের ছেলে মাদরাসাছাত্র মো. জিহাদুল (১২), মো. লতিফ ও জিয়াউর রহমান রুবেল। লতিফ ও জিয়াউরের বাড়ি বরিশাল নগরীর কাশিপুর এলাকায়।
বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, নিহত ও আহত শিশুরা নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র। ওই মাদরাসার শিক্ষক আকতারুজ্জামান হাফিজ তার দুই ছেলেসহ পাঁচ ছাত্রকে নিয়ে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরিফের মাহফিলে যান। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মাহফিল থেকে থ্রিহুইলারে করে বরিশাল নগরীতে ফিরছিলেন তারা। ওই থ্রিহুইলারে তারা ছাড়াও আরো দুইজন যাত্রী ছিলেন।
তিনি আরো বলেন, কাশিপুর মদিনা পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থ্রিহুইলারকে চাপা দেয়। এতে থ্রিহুইলারটি দুমড়ে-মুচড়ে গেলে সবাই আহত হন। পথচারীরা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক মাসুম রেজা বলেন, আহত থ্রিহুইলারের সাত যাত্রীকে হাসপাতালে ভর্তির পর রাত পৌনে ১১টায় মাদরাসাছাত্র হামজার মৃত্যু হয়। এর দেড় ঘণ্টা পর রাত সোয়া ১২টায় আল নোমান নামে আরেক ছাত্রের মৃত্যু হয়।

