চকলেটের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন হয়রানি, দোকানদার গ্রেফতার

আপডেট: December 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে গ্রেফতারকৃত শুকুর আলী

চুয়াডাঙ্গার জীবননগরে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানদার শুকুর আলীকে (৫০) গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শিশুটির পরিবারের লিখিত অভিযোগ পেয়ে সোমবার (২৫শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পৌরশহরের নারায়ণপুর এলাকা হতে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সত্যতা পাওয়ায় আটককৃত শুকুর আলীর বিরুদ্ধে থানায় রুজু করা হয় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা। গ্রেফতারকৃত শুকুর আলী জীবননগর পৌরশহরের মহানগর দক্ষিণপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (২৪শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) খালার সাথে শিশুটি শুকুর আলীর দোকানে চকলেট কিনতে যায়। দোকানদার ব্যস্ত থাকায় শিশুটির খালা বাড়ির দিকে চলে যায় এবং শিশুটিকে চকলেট কিনে নিয়ে বাড়ি আসতে বলে। দোকানের আশেপাশে লোকজন না থাকায় ওই সময় দোকানদার শিশুটিকে দোকানের ভেতর ডেকে নিয়ে হাতে চকলেট দিয়ে তাঁর প্যান্ট খুলে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। এসময় শিশুটি প্রতিবাদ করলে দোকানদার আরও চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে উলঙ্গ করে ফেলে। পরবর্তীতে লোকজন চলে আসায় শিশুটির হাতে আরও চকলেট দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং এসব কথা কাউকে বলতে নিষেধ করে। শিশুটি বাড়িতে গিয়ে ভয়ে এসব কথা কাউকে বলেনি। তবে পরেরদিন সন্ধ্যায় বাড়ির লোকজন গোয়ালপাড়া গ্রামে এক কন্যা শিশুকে ধর্ষণ শেষে গলাকেটে হত্যা করার কথা আলোচনা করার সময় শিশুটি তখন তার সাথে ঘটে যাওয়া যৌন হয়রানির কথা বাড়িতে বলে। পরে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মাঠে শাক তুলতে গেলে ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ শেষে গলাকেটে হত্যা করা হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তার মধ্যেই অপর এক শিশুকে যৌন হয়রানি করা হলো। লোকজন চলে না আসলে এই শিশুটির সাথেও হয়তো ঘটতো তেমন একটা ঘটনা। মানুষের সামাজিক মূল্যবোধের অবক্ষয় যে একেবারে তলানিতে নেমেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। এসব নরপশুদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে এটাই সবার কামনা।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network