চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ

আপডেট: July 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

প্রতিবাদ জানিয়ে তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে একজন দায়িত্বশীল সাংবাদিক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের বিরুদ্ধেও আঘাত। সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের প্রকাশিত কোনো সংবাদে কারও স্বার্থে আঘাত লাগলে বা কেউ ক্ষুব্ধ হলে, সন্দেহবশত কোনো সাংবাদিককে টেনে এনে অপ্রাসঙ্গিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কোনোভাবেই সমীচীন নয়।

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, “চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একজন দায়িত্বশীল সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয়প্রতিপন্ন করার এমন অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্টদের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সম্মানহানিই নয়, এটি গোটা সাংবাদিক সমাজের মর্যাদাকেও ক্ষুণ্ন করে। আমরা সংশ্লিষ্টদের এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সাংবাদিক সমাজ সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে সবসময় ঐক্যবদ্ধ থাকবে।”

এ বিষয়ে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার বলেন, “আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। কোনো সংবাদে কারও কর্মকাণ্ডের সমালোচনা বা অনিয়ম উঠে এলে ব্যক্তিগতভাবে আমাকে লক্ষ্য করে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো অত্যন্ত দুঃখজনক। যারা আমার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন এবং এতে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যেকোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে একজন সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network