আপডেট: November 18, 2026
আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ই নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, শিল্প লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ এবং অননুমোদিত রং ব্যবহারের অপরাধে বেগমপুর বাজারের ওয়াজেদ আলী স্বপনের প্রতিষ্ঠান মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বাসি ও পঁচা খাবার সংরক্ষণ করে খাবার তৈরি করার অপরাধে জসিম উদ্দীনের প্রতিষ্ঠান জসিম হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্যবিহীন পণ্য বিক্রয়ের দায়ে মফিজুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স জিহাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বেগমপুর বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য ও ঔষধ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনায় ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

