আপডেট: September 27, 2026
আমিনুর রহমান নয়ন: ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমা বেগম (৭০) নামের এক নারীকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (২৭শে সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পৌরশহরের ভিমরুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজমা বেগম কুষ্টিয়া পৌরশহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী। তার পিতার নাম মৃত লবু শেখ।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নাজমা বেগম নামের এক নারীকে চুয়াডাঙ্গা পৌরশহরের ভিমরুল্লাহ এলাকার নতুন জেলখানা গেটের বিপরীতে মিম স্টোর নামের চা ও মুদি দোকানের সামনে বেঞ্চের উপর বসা অবস্থায় আটক করা হয়।
এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট৷ যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

