আপডেট: February 19, 2024
ফাইল ছবি
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছে। তবে হামলাকারী শ্রী রাজন বিশ্বাসকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে ডিবি। আটককৃত রাজন বিশ্বাস (২৮) ঝিনাইদহের পবহাটি গ্রামের শ্রী দিলীপ বিশ্বাসের ছেলে।
রবিবার (১৮ই ফেব্রুয়ারি ২০২৪) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনোহরপুর-সন্তোষপুর সড়কে গয়েরগাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই ডিবি সদস্য হলেন- কনস্টেবল মো. আশাদুল ইসলাম ও কনস্টেবল মো. সাকিব। তাঁদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রবিবার রাতে চুয়াডাঙ্গা ডিবির এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম জীবননগর উপজেলার মনোহরপুর-সন্তোষপুর সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য অবস্থান করছিলেন।
এসময় শ্রী রাজন বিশ্বাসকে গতিরোধ করা হলে তিনি কাছে থাকা ধারালো ছুরি নিয়ে ডিবির উপর অতর্কিত হামলা চালান। হামলায় ডিবির দুই সদস্য গুরুতর আহত হন। হামলা করে পালানোর সময় তাকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। পরে ডিবির অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এবিষয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ডিবির দুই সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। এসময় হামলাকারী একজনকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

