আপডেট: May 28, 2022

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৮ মে) সকাল ও দুপুরে চুয়াডাঙ্গা সদর থানাধীন পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় মোট ১৬০ লিটার চোলাই মদ। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌরশহরের গোরস্থান পাড়ার শ্রী পলাশ ডোমের ছেলে শ্রী আকাশ ডোম (১৯) এবং আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ জেহালা বাজার এলাকার মাধব দাসের ছেলে নিতাই দাস। আটককৃত আসামিদ্বয়কে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন নুরনগর গ্রামের মুন্না মোড়স্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০টি জারিকেনে বহনকৃত ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শ্রী আকাশ নামের এক যুবককে আটক করা হয়। এছাড়া শনিবার সকাল ১০টার দিকে একই ক্যাম্পের র্যাব সদস্যরা চুয়াডাঙ্গা সদর থানাধীন কানাপুকুর মোড়স্থ এলাকায় মেসার্স মা ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৬টি জারিকেনে বহনকৃত ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ নিতাই দাস নামের এক যুবককে আটক করা হয়।

