আপডেট: April 12, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ ইমরান আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। শনিবার দুপুরে উপজেলার গয়েশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান আলী গয়েশপুর গ্রামের বিল্লাল আলীর ছেলে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই তোরগুল হাসান সোহাগ সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের সিরাজের জমির সামনে পাকা রাস্তার উপর হতে ইমরান আলী নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩০ বোতল ফেন্সিডিল।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

