ঝালকাঠিতে উদ্বোধনের আগেই সেতুর সংযোগ সড়কে ধস

আপডেট: August 12, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রামের খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে এলজিইডি।

কাজের শুরু থেকেই সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। তবে সড়ক ধসের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছে।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ৩০ মিটার দৈর্ঘ্যের সেতু ও দুই পাশে ১০৪ মিটার সংযোগ সড়কের কাজের জন্য খরচ হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা। এর মাধ্যমে কুশঙ্গল ইউনিয়নের কয়েকটি গ্রাম সংযুক্ত হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগের তিন দিকের সড়ক ভেঙে গেছে। সেতুর পূর্ব ও পশ্চিম দিকের সংযোগ সড়কের বালু সরে গিয়ে কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ব্লকও ভেঙ্গে গেছে। ঠিকাদারের লোকজন ফাটল ও ধসে পড়া অংশ পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর দিকে ধীরগতি ছিল। কিন্তু সময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য শেষের দিকে এসে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) সঠিক তত্ত্বাবধান না থাকায় ও নিম্নমানের কাজ হওয়ায় সংযোগ সড়কে ভাঙন শুরু হয়েছে।

সরমহল গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, সড়ক ও সেতুটির নির্মাণ শুরু হওয়ার পর এলাকায় মানুষ আশায় বুক বেঁধেছিলেন। তবে নিম্নমানের কাজ দেখে হতাশা দেখা দেয়।

জানা গেছে, দরপত্রের মাধ্যমে মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সে কাজটি পান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমীন। পরে তিনি ঠিকাদারি কাজ বিক্রি করেন মো. নান্নু, মনির হোসেন, রিয়াজ ও কামাল হোসেন নামে চার ব্যক্তির কাছে। কাজের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এক বছর সময় বাড়ানো হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন মনির হোসেন বলেন, রড, সিমেন্ট, পাথরসহ নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণে সংযোগ সড়কের যে ক্ষতি হয়েছে, তা সংস্কার করা হবে।
কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার বলেন, অগ্রাধিকার ভিক্তিতে নির্মাণাধীন এই সেতুটি আগামী সেপ্টেম্বর মাসে উদ্বোধনের কথা ছিল। এমন সময় সেতুর সংযোগ সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি এলজিইডির উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক ঠিকাদার দ্রুত সংস্কার করে দেবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network