বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের আভাস

আপডেট: June 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ চলমান বৃষ্টি আগামী ২ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দিয়েছে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, মৌসুমি বায়ু এখন অনেক সক্রিয়, আর বায়ুচাপের আধিক্যও বেশি থাকায় ভারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বইবে। এ কারণে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই সংকেত বলবৎ থাকবে।

এক সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য আছে এবং আকাশে গভীর সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য দেশের ৪ সমুদ্রবন্দর-চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মোংলাকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এসবের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network