নলছিটিতে প্রতিকেজি ৫৮০ টাকায় গরুর মাংস বিক্রি

আপডেট: March 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: সারাদেশে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৩০-৭৫০ টাকা কেজিতে। সেখানে পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) ঝালকাঠির নলছিটিতে প্রতিকেজি গরুর মাংস ৫৮০ টাকায় বিক্রি করে প্রশংসিত হচ্ছেন সাইদুল ইসলাম শামিম নামের এক ব্যবসায়ী। কম দামে মাংস বিক্রির খবরে তার দোকানে বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়।

আজ শুক্রবার দুপুরে উপজেলার মানপাশা বাজারে সাইদুল এন্টারপ্রাইজে সরেজমিন দেখা যায়, কম দামে গরুর মাংস বিক্রি করার খবরে দূরদূরান্ত থেকে ক্রেতারা ছুটে এসেছেন। মাংস কিনতে আসা ক্রেতাদের একটি করে স্লিপ দেওয়া হচ্ছিল। জনপ্রতি আধা কেজি থেকে শুরু ধরে ২ কেজি পর্যন্ত মাংস নিতে পারছিলেন ক্রেতারা।

নলছিটি উপজেলার ফয়রা এলাকার কাঠমিস্ত্রি রফিকুল ইসলাম বলেন, যেখানে সবাই ৭৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন সেখানে সাইদুল ভাই আমাদের ৫৮০ টাকা কেজি ধরে মাংস দিচ্ছেন। আমরা বাজারের চেয়ে ১৭০ টাকা কম দিয়ে মাংস নিতে পারছি।

নলছিটি পৌরশহর থেকে আসা ব্যবসায়ী শাহাদাত আলম ফকির বলেন, রমজান মাসে গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়ে কম দামে মাংস বিক্রি করছেন সাইদুল ইসলাম। আমরা তাকে সাধুবাদ জানাই। প্রত্যেক মুসলমানদের নিজ নিজ জায়গায় থেকে রমজান মাসে সহানুভূতিশীল হওয়া উচিত।

মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছি। আমারা কোনো লাভের আশায় মাংস বিক্রি করছি না।নিম্ন আয়ের মানুষের কিছুটা যাতে উপকার হয় তাতেই আমরা খুশি। আমরা রমজান মাসের প্রতি শুক্রবার ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network