আপডেট: April 22, 2021
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুরে গাছ থেকে নারিকেল পাড়া নিয়ে ছোট ভাই ও তার ছেলেদের মারধরে বড় ভাই মো. মহসিন মোল্লা (৫০) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাকসি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মহসিন মোল্লা ওই গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন অটো রাইস মিলের মিস্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাইয়ের ছেলে রসুল মোল্লা ও রিয়াজ মোল্লাকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে মহসিন মোল্লা তার বাবার জমিতে থাকা গাছ থেকে নারিকেল পাড়ছিলেন। এ সময় ছোট ভাই রুস্তুম মোল্লা তাকে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রুস্তুম মোল্লা ও তার ছেলেরা মহসিনকে মারধর করে। তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মহসিনের মৃত্যু হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইসরাত জাহান জেরিন জানান, তার মাথায় আঘাতের কারণে নাক ও মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
নিহতের ছেলে মশিউর রহমান মিঠু জানান, তার বাবা অটো রাইস মিলের একজন ঠিকাদার মিস্ত্রী হিসাবে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে কাজ করেন। কিন্তু করোনার কারণে মিল বন্ধ থাকায় তিনি বাড়িতে আসেন। বুধবার সকালে নিজ বাড়ির নারিকেল পাড়তে গেলে তার পৃথক বাড়িতে থাকা ভাই ও ভাইয়ের ছেলেরা তাকে পিটিয়ে আহত করে। পরে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওডিস) মো. আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

