আপডেট: March 22, 2025
আপডেট নিউজ:: বরিশাল নগরীতে ১৬ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ আশ্রাফুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শনিবার বিকেলে নগরীর পুরানপাড়া মতাশা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।গ্রেফতার আশ্রাফুল বরিশাল জেলার গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়দের তথ্যমতে, আশ্রাফুলের সঙ্গে মোট ৩০ হাজার টাকার জাল নোট ছিল। এর মধ্যে ১৪ হাজার টাকার জাল নোট দিয়ে বিভিন্ন দোকান থেকে পণ্য কিনেছেন। পরে সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং অবশিষ্ট ১৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।
ওসি নাজমুল নিশাত জানান, আশ্রাফুল মতাশা এলাকার এক নারীর দোকানে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে যান। দোকানদার নোটটি দেখে সন্দেহ প্রকাশ করলে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত হয়ে আশ্রাফুলকে আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি নাজমুল নিশাত।

