বাকেরগঞ্জে বিএনপির পকেট কমিটি বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট: May 12, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির “অবৈধ পকেট কমিটি” বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা।

সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।

বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক শিকদার, প্রবীণ নেতা রত্তন আলী বিশ্বাস, সাবেক সহ-সভাপতি শওকত হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, নেতা রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা প্রমুখ।

বক্তব্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, “বিএনপিকে শক্তিশালী করতে হলে বৈষম্য দূর করে রাষ্ট্র গঠনে ইতিবাচক মানসিকতা গড়তে হবে। অনতিবিলম্বে বরিশাল জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির গঠিত পকেট কমিটি বাতিল করতে হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকার পতনের পরও তাদের দোসররা এখনো সক্রিয়। হামলা-ভাঙচুর, দখল, চাঁদাবাজি বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, তবেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সফল হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network