আপডেট: September 24, 2024
পটুয়াখালী প্রতিনিধি:: চিরনিদ্রায় বাবার কবরের পাশে শায়িত হলেন পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। সোমবার (২৩ সেপ্টেম্বর) আছরের নামাজের পর কলাপাড়া উপজেলার বালিয়াতলী গ্রামের নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বাদ জোহর কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তার দ্বিতীয় জানাজা এবং রোববার (২২ সেপ্টেম্বর) এশার নামাজের পর ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা হয়। দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ তার তৃতীয় জানাজায় অংশ নেয়।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

