বিএনপির ত্রাণবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ: গাড়ি ভাঙচুর, আহত ১০

আপডেট: June 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ত্রাণবহরে ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুন) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে এ হামলা চালানো হয়। এতে বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল।

আহতরা হলেন উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাবেক ছাত্র নেতা মাসুদ, ছাত্রদল কর্মী রাসেল, যুবনেতা আনিছ, মিঠু, জহিরুল, মোস্তফা মিন্টু, রবিউল, মামুন ও ছালাম।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী জানান, তার নেতৃত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র আলহাজ তাজকিন আহমেদ চিশতি, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদল সভাপতি আহসানুল কাদির স্বপন, যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ বিএনপি নেতাকর্মীরা বেলা ১১টার দিকে শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার সময় পথিমধ্যে কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হায়দারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর দুই দফায় অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় তাদের অন্তত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। একইসঙ্গে ভাঙচুর করা হয় তাদের একটি প্রাইভেটকারসহ ৮/১০টি মোটরসাইকেল।

তবে, সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হায়দার দাবি করেছেন তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং বিষয়টি সম্পর্কে জানেন না। তিনি বলেন, ‘পরে শুনেছি যে, যারা ত্রাণ দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে কী ঝামেলা হয়েছে।’

এদিকে, এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী দুপুরে তার সাতক্ষীরা শহরের কামালনগরের বাড়ির সামনে এক প্রেস ব্রিফিং করেন। সেখানে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network