আপডেট: November 30, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে ৪৭ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছেন। আটক ৪৭ জনের মধ্যে ১২ জন নারী, ১৬ জন শিশু ও ১৯ জন পুরুষ রয়েছেন। শনিবার (৩০শে নভেম্বর ২০২৪) বেলা ৩টার সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি আভিযানিক দল সুগঠিত হয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এই বিশেষ অভিযানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে সর্বমোট ৪৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে একাধিক ব্যক্তি ইতোপূর্বেও ৫৮ বিজিবির টহল দলের নিকট আটক হয়েছিলে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ই আগস্ট হতে ৩০শে নভেম্বর দুপুর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক সর্বমোট ৯৩৩ জন আটক হয়েছেন। তাদের মধ্যে ৮৮৫ জন বাংলাদেশী, ২০ জন রোহিঙ্গা ও ২৮ জন ভারতীয় নাগরিক। উক্ত ৯৩৩ জনের মধ্যে একজন প্রাক্তন মন্ত্রী, বেশ কয়েকজন ছাত্রলীগের ক্যাডার, ৩ জন জেল পলাতক আসামি, ১ জন আনসার বিদ্রোহের সক্রিয় সদস্য, কয়েকজন একাধিক মামলার আসামি এবং ১ জন ভারতীয় পুলিশ সদস্য রয়েছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

