আপডেট: May 19, 2022
অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার (১৯ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শাহজালাল (৩০), ইলিয়াস (২৬), কালামিয়া (২৪), মো. রফিক (৩৩), মোহাম্মদ রহিম (২২), রবিউল ইসলাম (৩৪), মোহাম্মদ ইব্রহিম (৩৩), আবু বক্কর (৩৩), জসিম উদ্দিন (২৩), ও রফিক উদ্দিন (৪৪)।
বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ও ক্যাপ্টেন সোহেল আযম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনীর সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন। বোটটি না থামিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে বোটটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ক্যাপ্টেন সোহেল আযম।

