আমতলীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২ ছাত্রকে পেটাল বখাটেরা

আপডেট: April 20, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই স্কুলছাত্রকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্র সিফাত মীর (১৫) ও রাব্বি হোসেন (১৫) একই এলাকার আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অভিযুক্ত বখাটেরা একই এলাকার বাহাদুর হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২০) ও ইব্রাহীমের ছেলে জাহিদ (২২)।

জানা যায়, আজ (২০ এপ্রিল) দুপুরে স্কুল থেকে বাড়ি যাচ্ছিলেন রাব্বি ও সিফাত। তারা দাদন শরীফ মাদরাসার সামনে পৌঁছালে দেখতে পায়, এলাকার বখাটে তরুণ জাহিদ ও মেহেদী তাদের স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলছে ও উত্ত্যক্ত করছে। এ সময় স্কুলছাত্র সিফাত মিরা ও রাব্বি বখাটেদের বাধা দেয়। এতে বখাটে জাহিদ ও মেহেদী ওই স্কুলছাত্রদেরও গালিগালাজ করতে থাকে।

পরে ক্ষিপ্ত হয়ে স্কুলছাত্র সিফাত ও রাব্বিকে লোহার রড দিয়ে পেটাতে থাকে। এতে সিফাতের মাথায় গুরুতর জখম হয়। রাব্বিও আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় স্কুলছাত্রদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আল আমিন মাধ্যমিক বিদ্যালেয়ের প্রধান শিক্ষক সামসুল আলম বলেন, এ ঘটনার কঠিন বিচার চাই। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network