আপডেট: April 3, 2023
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের রহমতপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য আব্দুর রহমান (৩৬)-কে কলাপাড়া থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট।
আজ রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ফিচার ফোন, জঙ্গিবাদ সংশ্লিষ্ট দুটি বই, একাধিক সিম কার্ড ও মেমোরি কার্ড জব্দ করা হয়।
পরে দুপুরে তাকে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আব্দুর রহমান পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ড রহমতপুর এলাকার মৃত জব্বার মুন্সির ছেলে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আব্দুর রহমান তার ফেসবুক আইডির মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী জঙ্গি সংগঠনটির নেতা জসিম উদ্দিন রাহমানির পক্ষে এবং সমর্থনে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করা, দেশে ত্রাস ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশে উগ্রবাদী ও জঙ্গি মতবাদ প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল।

