কলাপাড়ায় পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙে শ্রমিক নিহত, আহত ৩

আপডেট: February 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের ফোরলেন সড়কের আন্দারমানিক নদীর ওপর নির্মাণাধীন সেতুর ট্রাভেলার ফার্ম (লোহার সাটার) ভেঙে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার (৩২)। তিনি টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।আহতরা হলেন—রঞ্জু (৩৫), রাকিবুল হাসান (৩৫) ও আলম (৪০)। তাদের মধ্যে গুরুতর আহত রঞ্জু ও রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপর লোহার সাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ সাটার ধরে রাখা চেইন ছিঁড়ে গেলে শ্রমিকসহ পুরো সাটারটি নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network