কুয়াকাটায় উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর বাধা, সড়ক অবরোধ

আপডেট: November 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: কুয়াকাটা সৈকতের বাঁধ রক্ষার জন্য বাঁধের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে চার শতাধিক পরিবার সড়ক অবরোধ করেছে। শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে বেড়িবাঁধঘেঁষা হোসেনপুর, পাঞ্জুপাড়া গ্রামের শত শত নারী-পুরুষ সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে। এতে কুয়াকাটা থেকে সকাল সোয়া ১০টার পর সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি জানিয়ে কুয়াকাটা-ঢাকা সড়কের কুয়াকাটা চৌরাস্তায় অবস্থান নেয়।

পুলিশ বিক্ষুব্ধ গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা উচ্ছেদ বন্ধ করার দাবিতে সড়কে বসে বিক্ষোভ শুরু করে।

যদিও উপজেলা প্রশাসন বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রাখে, কিন্তু সড়ক থেকে তারা না সরায় বিপাকে পড়ে পর্যটকরা। তারা আতঙ্কে হোটেলে অবস্থান নেয়।

বিক্ষোভকারীরা জানায়, তারা বহু বছর ধরে বাঁধের দুই পাশে পরিবার নিয়ে বসবাস করে আসছে। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ করে এ জায়গা থেকে সরে যেতে বলা হয়। এখন তারা কোথায় যাবে!

এদিকে একদিকে বিক্ষোভ চললেও ঘরবাড়ি থেকে সকাল থেকে মালামাল সরিয়ে নিতে শুরু করে গ্রামবাসী। তারা ঘর থেকে মালামাল সরিয়ে বাঁধের ওপর রাখে। এ সময় অনেক পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। তারা সরকারের কাছে পুনর্বাসন দাবি করে।

স্কুল শিক্ষার্থীরা জানায়, তাদের ক্লাস ও পরীক্ষা চলছে। এখন ঘরছাড়া হলে তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, কুয়াকাটায় বেড়িবাঁধের ৭৩ একর খাসজমি উচ্ছেদে তাদের অভিযান শুরু হয়েছে। বেড়িবাঁধ পুনর্নির্মাণে কাজ শুরু হবে। তাই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আর যারা এখন খাস জায়গায় অবস্থান নিয়েছে তাদের নিজ উদ্যোগে সকল স্থাপনা সরিয়ে নিতে কিছু সময় দেওয়ায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network