কুয়াকাটা সৈকতে ভেসে এল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

আপডেট: July 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাউফল প্রতিনিধি:: কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নিখোঁজের ১২ ঘণ্টা পর স্কুল শিক্ষার্থীর মরদেহ ভেসে এসেছে। শুক্রবার (৩০ জুন) রাত ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের চর-গঙ্গামতি নামক জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের গঙ্গামতি পয়েন্টে গোসলে নেমে স্রোতের টানে বড় ভাইয়ের হাত থেকে ছুটে নিখোঁজ হয় শিক্ষার্থী নাবিল। পরে স্থানীয় ডুবুরি দলের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পটুয়াখালী থেকে আসা ডুবুরি দল কয়েক দফায় উদ্ধার অভিযান চালায়। কিন্তু সমুদ্র তীরে প্রচণ্ড ঢেউ এবং নিয়ন্ত্রণহীন স্রোতের কারণে নিখোঁজের কোনো হদিস পাননি উদ্ধারকারীরা।

নিহত স্কুলছাত্র নাবিল উপজেলার কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। নাবিল ঈদের ছুটিতে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি এলাকায় নানা আব্দুল গনি গাজীর বাড়িতে বেড়াতে আসে। পরে ঈদের দ্বিতীয় দিন সকালে নানা বাড়ি সংলগ্ন সৈকতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে পুত্রশোকে কাতর মায়ের আহাজারি দেখে অশ্রুসিক্ত হচ্ছেন সাগর পারের মানুষ। অন্যদিকে স্রোতের মধ্যে সহোদরকে আগলে রাখতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছেন বড় ভাই সিয়াম। আর অতি আদরের নাবিলকে এক নজর দেখতে গভীর রাতে সমুদ্র পাড়ে ভিড় করছেন স্বজনরা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আলম খান জানান, নিখোঁজের ১২ ঘণ্টা পর স্বজনরা নাবিলের লাশ ভাসমান অবস্থায় পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network