আপডেট: September 21, 2021
অনলাইন ডেস্ক:: খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রদল।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দেন।
হিমেল বলেন, বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে কার্যনিবার্হী কমিটির জুম মিটিং চলছিলো। এসময় শান্তিপূর্ণভাবে একটি মিছিল বের করা হয়। এতে ছাত্রদল, যুবদল, বিএনপির কর্মীরা অংশগ্রহণ করেন। আমরা চাই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেয়া হোক। এছাড়া নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, কেন্দ্রীয় ছাত্রদলের মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল হাসান মামুন প্রমুখ অংশগ্রহণ করেন।

