গাজীপুরে রমজানজুড়ে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি

আপডেট: March 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: ১ কেজি গরুর মাংসের একটি প্যাকেট হাতে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক বেলাল হোসেনের চোখে-মুখে খুশির ঝিলিক। অটোরিকশাটির চালকের আসনে বসে মাংস দেখিয়ে বললেন, ‘মাংসটা খুবই ভালো। এটা বাজার থেকে কিনলে ৮০০ টাকা দর পড়ত।’

রবিবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার প্রধান ফটকের সামনে মাংস কিনে ফেরার পথে শুধু বেলাল হোসেনই নয়, একই কথা বলেন অন্য ক্রেতারাও।এদিন সকালে শ্রীপুর পৌরসভার উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ।তিনি জানান, পবিত্র রমজান উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনে ১০০ জন স্বল্প আয়ের মানুষ ৬৫০ টাকা দরে গরুর মাংস কিনেছে।ব্যারিস্টার সজিব আহমেদ জানান, এ কর্মসূচির আওতায় বিক্রি করা গরুর মাংস শতভাগ নিরাপদ।

আগামীকাল সোমবারও এ কর্মসূচির আওতায় ওই দরে গরুর মাংস বিক্রি করা হবে। মানুষের মধ্যে সাড়া থাকলে পুরো রমজানজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে।এই কর্মকর্তা আরো জানান, বাজারে গরুর মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষজন তা কিনতে পারছে না। তাদের সক্ষমতার বিষয়টি বিবেচনা করে ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রির কার্যক্রম চালু করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network