গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, ভাড়াটিয়া দম্পতি গ্রেফতার

আপডেট: November 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে লিমু আক্তার লামিয়া (১০) নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত লামিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।স্থানীয়রা জানান, তিন মাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) ও তার স্ত্রী মিলি বেগম (২০) বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পাঁচ হাজার টাকা বাসাভাড়া বাকি নিয়ে সাহেব আলীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে গলা কেটে হত্যার পর পাশের খালের পানিতে ফেলে রাখে।পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয়ে বাড়ি আশপাশে খোঁজাখুঁজি করে। এ সময় সুমন পানির নিচে লামিয়ার মরদেহের ওপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরামর্শ দেয়।পরে তাদের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর পর সুমনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি স্বীকার করে।কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network